জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে তার সর্বশেষ শারীরিক অবস্থার ওপর।
গত শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রার কথা থাকলেও কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটির কারণে তা সম্ভব হয়নি।
বিএনপির মিডিয়া সেল জানায়, শনিবার (৬ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে মেডিকেল বোর্ড রাতের মধ্যে লন্ডনে নেওয়া হবে কি না সিদ্ধান্ত দেবে।
জানা গেছে, জার্মানি থেকে আসার কথা থাকা এয়ার অ্যাম্বুলেন্সটি রোববার (৭ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবে। সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডনের অত্যাধুনিক ব্রিজ হাসপাতাল হাসপাতালে ভর্তি করা হবে। তার সঙ্গী হবেন পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
এর আগে, অধ্যাপক ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। এন্ডোসকপির মাধ্যমে তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পুরো প্রক্রিয়া যথাযথ সতর্কতার সঙ্গে সম্পন্ন হয়েছে।
খালেদা জিয়া প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক বলে বিএনপির নেতারা জানিয়েছেন।













