• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

চার সিনেমায় অভিনেত্রী রাফা নানজীবা তোরসা

প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ২:২৩
আপডেট: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ২:২৩

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহিত
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী মডেল অভিনেত্রী রাফা নানজীবা তোরসা। একের পর এক সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। বর্তমানে তোরসা ব্যস্ত সময় পার করছেন গ্রামীণ পটভূমিতে নির্মিতব্য ‘মাটি’ সিনেমার কাজ নিয়ে। এতে তার বিপরীতে রয়েছেন নবাগত আলভী মামুন। সিনেমাটি পরিচালনা করছেন তারিফ সৈয়দ। সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও করেছেন তিনি। এরই মধ্যে এই সিনেমার বেশির ভাগ দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন তোরসা।

সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই চারটি সিনেমায় কাজের খবর দিলেন তোরসা। সম্প্রতি তিনি শেষ করেছেন সমাজে নারীর প্রতি বৈষম্যের গল্পে আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’ ও ‘নির্জন স্বাক্ষর’ সিনেমার কাজ। এই সিনেমায় তোরসার বিপরীতে জুটি বেঁধেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। অনেক আগেই সিনেমাটির নির্মাণকাজ শেষ হয়েছে। বর্তমানে সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

এ ছাড়াও নতুন আরও একটি সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। আপাতত পরিচালকের পক্ষ থেকে কিছু বলা নিষেধ আছে। অচিরেই এই সিনেমার বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হবে বলে জানিয়েছেন তোরসা।

সিনেমা চারটি নিয়ে তোরসা বলেন, ‘ভিন্ন চারটি গল্পে কাজ করেছি। দর্শক সিনেমাগুলোতে আমাকে নতুনভাবে চিনবে। আমিও চেষ্টা করেছি নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে। বাকিটা দর্শক মুক্তির পর বলতে পারবেন কতটুকু পেরেছি।’

তিনি আরও বলেন, ‘সবার আগে আমার মাথায় থাকে টিমটা কেমন। পাশাপাশি অবশ্যই গল্পটা ম্যাটার করে। সব সময় সিনেমাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব। এর পর ওটিটি, তার পর নাটক তো আছেই। ভালো গল্প ও চরিত্রে পেলে সব মাধ্যমে নিজেকে মেলে ধরতে চাই।’

এদিকে, কাহিনি অরিজিনাল ‘প্ল্যান বি’–তে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন তোরসা। ওয়েব কনটেন্টটি প্রকাশ্যে আসতেই দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। এ ছাড়া তার পডকাস্ট শো ‘শি’র প্রথম মৌসুম আলোচিত হয়েছিল। শিগগিরই দ্বিতীয় মৌসুম শুরু হবে বলে জানিয়েছেন তিনি। শোটির মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে জানান তোরসা।

উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন রাফা নানজীবা তোরসা। তার অভিনীত প্রথম টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম