• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

চীনের ‘এআই চিপ’ ব্যবহারের সব পথ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৪:০৪
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৪:০৪

চীনের ‘এআই চিপ’ ব্যবহারের সব পথ বন্ধ করছে যুক্তরাষ্ট্র
 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জায়ান্ট এনভিডিয়াকে ঘিরে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগের পর চীনের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

সোমবার (১৬ নভেম্বর) মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নতুন নিয়ম ঘোষণা করা হয়। মূলত সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো তৃতীয় কোনো দেশের ডেটা সেন্টার ব্যবহার করে চীনা প্রতিষ্ঠানগুলো যেন দূর থেকে মার্কিন চিপের সুবিধা নিতে না পারে, তা আটকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন এই বিধিনিষেধে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ব্রাজিলকে প্রযুক্তি পাচারের ‘অগ্রহণযোগ্য ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন থেকে এসব দেশে উন্নত এআই চিপ পাঠাতে হলে মার্কিন সরকারের বিশেষ অনুমতি বা লাইসেন্স নিতে হবে। আগে চীনের জন্য সরাসরি চিপ কেনা নিষিদ্ধ থাকলেও, তারা এই দেশগুলোর ডেটা সেন্টারে রিমোট অ্যাক্সেসের মাধ্যমে কাজ চালিয়ে নিত। নতুন নিয়মে সেই সুযোগটিও পুরোপুরি বন্ধ হয়ে গেল।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বড় ডেটা সেন্টার কেন্দ্র সিঙ্গাপুর জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের এই নতুন সিদ্ধান্ত গভীরভাবে পর্যালোচনা করছে। দেশটির বাণিজ্য ও ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোর সাথে তারা কথা বলছে এবং সিঙ্গাপুরের বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলোর ব্যবসা যেন ব্যাহত না হয়, সে জন্য মার্কিন কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চলছে। তবে অন্য দেশের আইন ভাঙার কাজে সিঙ্গাপুরকে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে।

এই কঠোর সিদ্ধান্তের পেছনে রয়েছে এনভিডিয়ার সদ্য বিদায়ী প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের এক বিতর্কিত প্রেমের ঘটনা। অভিযোগ উঠেছে, সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, যাকে চীনের গোয়েন্দা সংস্থা গুপ্তচরবৃত্তির জন্য নিয়োগ দিয়েছিল। এই তদন্তের মুখে গত সপ্তাহেই পদত্যাগ করেন জেনসেন হুয়াং। যদিও বেইজিং এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে।

এদিকে সোমবার রাতে মার্কিন বিচার ও বাণিজ্য বিভাগ নিশ্চিত করেছে যে, রপ্তানি আইন লঙ্ঘনের দায়ে সিঙ্গাপুরের মেগাস্পিড কোম্পানির বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। ২০২৪ সালে এই তদন্ত শুরু হয়েছিল এবং পরের বছর অ্যালিস হুয়াংয়ের সাক্ষাৎকারও নেওয়া হয়। এখন মার্কিন বিচার বিভাগ এই মামলার মূল দায়িত্ব নিয়ে অপরাধ প্রমাণিত হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে।

এই কেলেঙ্কারি ও নিষেধাজ্ঞার খবরে বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারে বড় ধরনের পতন ঘটেছে। সোমবার মার্কিন শেয়ারবাজারে নাসডাক ও এসঅ্যান্ডপি সূচক বড় ব্যবধানে কমেছে। গত এক মাসে ৩০ শতাংশ দর হারানো এনভিডিয়ার শেয়ার এদিন আরও ৪ দশমিক ১ শতাংশ পড়ে গেছে। অ্যালফাবেট ও অ্যামাজনের শেয়ারেও একই চিত্র দেখা গেছে। এই ধাক্কা লেগেছে এশিয়ার বাজারেও; মঙ্গলবার জাপান, দক্ষিণ কোরিয়া ও হংকংয়ের শেয়ারবাজার সূচক পতনের মধ্য দিয়ে দিন শেষ করেছে।

সূত্র: আল-জাজিরা

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম