• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

তিতুমীর শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বললেন উপদেষ্টা নাহিদ

প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:২৬
আপডেট: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:২৬

 

জনতার আওয়াজ ডেস্ক

সরকারি তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই যেকোনও যৌক্তিক দাবির প্রতি ইতিবাচক এবং সংবেদনশীল। চাইলেই এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না, তবে আশা করি সবার জন্য ভালো কিছু হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্যধারণ করতে হবে। তাদের শিক্ষাজীবন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে এ সরকার দায়িত্বশীল। এ মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব নয়। এজন্য জনভোগান্তি যেন না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আশা করি ভালো কিছু হবে।

তিনি বলেন, সাত কলেজের সমস্যাটা দীর্ঘদিনের জটিল সমস্যায় পরিণত হয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া একটি ভুল সিদ্ধান্তের কারণে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই সাত কলেজের সমস্যা সমাধানে সচেষ্ট। সেখানে থাকা প্রত্যেকটি কলেজকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে। হয়তো শিগগির একটি ইতিবাচক সমাধানের পথে তৈরি হবে।

শিক্ষার্থীদের বিষয়গুলো খুবই সংবেদনশীলভাবে বিবেচনা করা উচিত উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের আহ্বানে মানুষ জুলাই আন্দোলনে রাজপথে নেমে এসেছিল। মানুষের সমর্থন পাওয়াটা যেকোনো আন্দোলনে গুরুত্বপূর্ণ। আমরা বলেছি, কেউ কোনো যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামলে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো। তবে সবাইকে কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে জনভোগান্তির বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম