• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

দেশের বিরূদ্ধে ষড়যন্ত্র-অপপ্রচার-বিষোদগারকারীদের তালিকা করুন: প্রবাসীদেরকে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪ ২:৪২
আপডেট: রবিবার, ১০ মার্চ, ২০২৪ ২:৪২

 

নিউজ ডেস্ক

বিদেশে বসে দেশের বিরূদ্ধে যারা ষড়যন্ত্র, অপপ্রচার ও বিষোদগার করে তাদের তালিকা তৈরির জন্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সংযুক্ত আরব আমিরাতে দুই দিনের সরকারি সফরের শেষদিন স্থানীয় সময় শনিবার (৯ মার্চ) রাত সাড়ে নয় টায় আবুধাবির একটি হোটেলে আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সম্বর্ধনায় মন্ত্রী এ আহবান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেক প্রবাসীই দেশের প্রতিনিধি এবং তাদের আচরণেই দেশ পরিচিত হয়। বিদেশে বসে দেশ ও সরকার বিরোধী প্রচারণা বন্ধে এবং প্রবাসে আইন শৃঙ্খলা বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে শক্তিশালী ভূমিকা রাখা প্রবাসীদের দায়িত্ব। বিদেশে বসে দেশের বিরূদ্ধে যারা ষড়যন্ত্র, অপপ্রচার ও বিষোদগার করে তাদের তালিকা তৈরি করুন, সরকার তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

এ সময় প্রবাসীদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী। সবাই বৈধ পথে রেমিটেন্স পাঠালে দেশের অর্থনীতিতে সেটি বড় ভূমিকা রাখে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদেরকে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর আহবান জানান।

ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের অদম্য উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে চলেছে, মাথাপিছু আয়সহ বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক সূচকে গত বছরগুলোতে ভারত ও পাকিস্তানকে ছড়িয়ে গেছে। সারাবিশ্ব বাংলাদেশের পুণরায় নির্বাচিত সরকারের সাথে কাজের আগ্রহ পুণর্ব্যক্ত করেছে।

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আবুধাবি শাখা সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদারের সঞ্চালনায় জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফা বিশেষ অতিথির বক্তব্য দেন।

অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাদা মহিউদ্দিন, আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম বদি, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি শওকাত আকবর, শেখ জায়েদ ইউনিভার্সিটির অধ্যাপক খন্দকার হাবিবুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ফজলুর রহমান চৌধুরী প্রমুখ সভায় বক্তৃতা করেন।

ইউএই প্রবাসীরা তাদের বক্তব্যে স্থানীয় বাংলাদেশি স্কুলের বিভিন্ন দাবি দাওয়া, প্রবাসীদের সন্তানদের দেশে শিক্ষা কোটা চালু, প্রবাসীদের বাংলাদেশে পাসপোর্ট ইস্যু ও বিভিন্ন সেবা প্রদান সহজ করা, রেমিট্যান্স প্রেরকদের স্বীকৃতিদান, রেমিট্যান্স প্রেরণে ভর্তুকি প্রদান, প্রবাসী ওয়েজ আর্নরস বন্ড সংক্রান্ত জটিলতা নিরসনে পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং মন্ত্রী সে দিকগুলোতে যত্নসহ নজরদানের আশ্বাস দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম