• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নাসীরুদ্দীন পাটোয়ারীর ধৃষ্ঠতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে হবে : লুৎফর রহমান

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৩:০৬
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৩:০৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেছেন, আজকের এই প্রতিবাদ সমাবেশে থেকে নাসীরুদ্দীনের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তাকে ধৃষ্ঠতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় কক্সবাজারে এনসিপির কোনো কর্মসূচিতে গন্ডগোল হলে তার দায় বিএনপি নেবে না। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওই কটূক্তি বিএনপিসহ কক্সবাজারবাসীকে ক্ষুব্ধ করেছে।

রোববার (২০ জুলাই) বিকেলে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দলের এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান এসব কথা বলেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে গতকাল শনিবার জুলাই পদযাত্রার এক সমাবেশে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর কটূক্তি, কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জামায়াতে নেতা-কর্মীদের হামলায় বিএনপির নেতা খুন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশ ডাকা হয়।

এ সময় তিনি বলেন, ১৯ জুলাই পাবলিক হল ময়দানে বিএনপির কর্মসূচি ছিল। কিন্তু এনসিপির জুলাই পদযাত্রার কথা বললে আমরা (বিএনপি) মাঠ ছেড়ে দিই। অথচ ওই মাঠের সমাবেশ থেকে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে কটূক্তি করতে একটুও দ্বিধা করেননি।

সমাবেশে লুৎফর রহমান বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ ভোট দেবেন ঠিকই, কিন্তু কাকে ভোট দেবেন, প্রার্থী কে জানতে পারবেন না, ঝুলন্ত পার্লামেন্ট হবে, তাতে গণতন্ত্র ভূলুণ্ঠিত হবে। বিএনপি জনগণের দল। জনগণের কথা বলে। বিএনপি হেরে গেলে বাংলাদেশও হেরে যাবে। কট্টরপন্থী কোনো দল ক্ষমতায় গেলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।

বিএনপির এই নেতা বলেন, খারাপ ছাত্ররা পরীক্ষায় অংশ নিতে চায় না, কারণ ফেল মারার ঝুঁকি থাকে। তেমনি যে দলের কোনো জনসমর্থন নেই, তাদের নির্বাচনে জিতে আসার ভয় থাকে। যারা ভোট পাবে না, তারাই পিআর পদ্ধতি চায়। জনগণের ভোটের অধিকার হরণ করতে চায়। নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পদযাত্রার সমাবেশে বলেছিলেন, ‘আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিলেন; এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।’

নাসীরুদ্দীনের এই বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক প্রতিবাদ জানান বিএনপি ও অঙ্গসংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। সন্ধ্যা ও রাতে শহরের ঘুমগাছতলার পুরোনো শহীদ মিনার ও প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বিএনপি, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সময় চকরিয়া, রামু, ঈদগাঁও, উখিয়া ও টেকনাফে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম