• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: সেতু প্রতিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৫:৪১
আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৫:৪১

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবি প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে সহজ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ায় শিমুলিয়া ট্যুরিস্ট ঘাটে যাতায়াত ব্যবস্থা সহজ হবে। নারায়ণগঞ্জ, গাজীপুর, উত্তরা, নরসিংদীসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার যাত্রীরা এই ঘাট ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন।’

শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বরিশাল রুটে লঞ্চ চলাচল পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে। পরীক্ষামূলক এ সার্ভিস ঈদের আগ পর্যন্ত চালু থাকবে। ঘাটটির অবকাঠামো স্থায়ী ব্যবহারের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে এ সার্ভিস পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও ভোগান্তি কমাতে ঘাট এলাকায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া টিকিট ব্যবস্থাপনা ও যাত্রীসেবায় অনিয়ম রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের ওপর দীর্ঘদিনের চাপ ও যানজট কমাতে এবং যাত্রীদের বিকল্প নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে এ বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। এতে সদরঘাটমুখী সড়কগুলোতে যানজটও কমবে।

উল্লেখ্য, শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে প্রতিদিন সকাল ৮টায় চাঁদপুর রুটে এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস লঞ্চ ছেড়ে যাবে। সকাল ৯টায় চাঁদপুর রুটে এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ ছেড়ে যাবে। একইভাবে সকাল ৮টায় বরিশাল রুটে এমভি রাজারহাট-বি লঞ্চ ছেড়ে যাবে।

প্রবীণ ও নারী যাত্রীদের মালামাল/ব্যাগ বহনের জন্য ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি (পোর্টার) সেবা দেওয়া হবে। এছাড়া অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য হুইলচেয়ার সেবাও থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, সংস্থাটির পরিচালক এ কে এম আরিফ উদ্দিন ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ অনেকে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম