• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

পিলখানা হত্যা দিবসকে জাতির জন্য বেদনাবিধুর ও কলংকজনক দিন : জিএম কাদের

প্রকাশ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ৯:২৭
আপডেট: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ৯:২৭

jp 1

পিলখানা হত্যা দিবসকে জাতির জন্য বেদনাবিধুর ও কলংকজনক দিন : জিএম কাদের

স্টাফ করেসপন্ডেন্ট

পিলখানায় সীমান্তরক্ষা বাহিনীর সদরদপ্তরে এক যুগেরও বেশি সময় আগে সংঘটিত হত্যাকাণ্ডের পেছনে অবশ্যই বড় ধরনের কোনো ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

পিলখানা হত্যা দিবসকে জাতির জন্য বেদনাবিধুর ও কলংকজনক দিন উল্লেখ করে তিনি হত্যাকাণ্ডের শিকার মেধাবী, দক্ষ ও প্রশংসনীয় সেনা কর্মকর্তাদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, পিলখান হত্যাকাণ্ডের পর তদন্ত হয়েছে, এর বিচারকার্য হয়েছে। এ হত্যাকাণ্ড নিয়ে এখনো প্রশ্ন আছে। এতবড় একটি হত্যাকাণ্ড হঠাৎ করেই হয়নি। এর পেছেনে অবশ্যই বড় ধরনের কোনো ষড়যন্ত্র ছিল।

গোয়েন্দা সংস্থাগুলো ষড়যন্ত্রের বিষয়টি জানতে পারেনি কেন, এমন প্রশ্ন তুলে জাপা চেয়ারম্যান বলেন, যদি জানতেই পারেন তবে কেন এ ষড়যন্ত্র প্রতিরোধ করা হলো না। এ বিষয়গুলো এখনো মানুষের মনে সংশয়, সন্দেহ এবং বেদনা সৃষ্টি করে।

তিনি আরও বলেন, আমরা মনে করি এসব প্রশ্নের অবসান হওয়া উচিত এবং সবাইকে নিজ নিজ কৃতকর্মের জন্য জবাবদিহিতার আওতায় আসা উচিৎ। কারণ, জবাবদিহিতার অভাবে অনেক বড় ধরনের অঘটন ঘটে যায়। সব ক্ষেত্রে যেমন শৃঙ্খলা রক্ষা দরকার তেমনই শৃঙ্খলা রক্ষা হচ্ছে কি না বা কার কী দায়িত্ব তার জবাবদিহিতাও সুনিশ্চিত করতে হবে। যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

জিএম কাদের বলেন, আমরা এমন শোকবিধুর দিনে নিহত সেনা কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। জাতি চিরদিন পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের বীরের মর্যাদা দেবে।

এদিন সকালে নিহত সেনা কর্মকর্তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন জাপা চেয়ারম্যান। পিলখানা হত্যাযজ্ঞের শিকার তৎকালীন বিডিআর-এর মহাপরিচালক শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিন আহমেদ এবং শহীদ কর্নেল কুদরত ইলাহীর ছেলে জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাকিব রহমান এসময় উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী।

এসময় জাপা নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com