শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার, মানবপাচার ও সামুদ্রিক অপরাধ প্রতিরোধ এবং বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ইতালি। একইসঙ্গে গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়াতে নতুন জাহাজ সংগ্রহ, আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত প্রশিক্ষণ এবং দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দোর সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এসব তথ্য জানান।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিতে ইতালির অবদানের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী ইতালীয় নৌবাহিনীর চারটি ‘মিনার্ভা ক্লাস’ কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তরের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি) হিসেবে ব্যবহৃত এসব জাহাজ বঙ্গোপসাগরে বাংলাদেশের নজরদারি ও টহল কার্যক্রমকে বহুগুণ শক্তিশালী করেছে।
বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা আরও বাড়াতে ভবিষ্যতে উপযুক্ত দেশ থেকে সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পাশাপাশি বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
দুই দেশের কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ বিনিময়ের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশীয় কর্মকর্তা এবং সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (বিডব্লিউও) এবং মানবপাচার প্রতিরোধ (এএইচটি) কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে। আগামী বছর এই কোর্সে অংশগ্রহণের জন্য ইতালির কোস্ট গার্ড কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে।
এ ছাড়া বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের ইতালিতে সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান (এসএআর), জাহাজে ওঠা, তল্লাশি ও জব্দ কার্যক্রম (ভিবিএসএস), ড্রোন পরিচালনা এবং মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস (এমডিএ) সংক্রান্ত তথ্য বিশ্লেষণে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়ার জন্য ইতালির সহযোগিতা চাওয়া হয়।
ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারত্বের প্রশংসা করেন। তিনি সমুদ্রসীমায় নজরদারি, মহাকাশ ও বিমান প্রযুক্তি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাগত বিনিময় কর্মসূচি আয়োজনের মাধ্যমে পারস্পরিক সমন্বয় ও যৌথভাবে কাজ করার সক্ষমতা বৃদ্ধিতেও একমত হন উভয়পক্ষ।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












