• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বাস বন্ধ করে সমাবেশ পণ্ডের চেষ্টা আ’লীগের পরাজয়ের বহিঃপ্রকাশ : ‘গণতন্ত্র মঞ্চ

প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ১০:৩৬
আপডেট: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ১০:৩৬

 

বাস-লঞ্চসহ গণপরিবহন বন্ধ করে খুলনায় বিএনপির সমাবেশ পণ্ড করার চেষ্টা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পরাজয়ের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন ‘গণতন্ত্র মঞ্চ’র নেতারা।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে এক সমাবেশে তারা এ কথা বলেন। গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে এ সমাবেশ হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগত, রাজনৈতিক সভা-সমাবেশে বাধা, হামলা-মামলা, দমন-পীড়ন, গুলি-হত্যা বন্ধের প্রতিবাদে এ সমাবেশ করে নতুন এ রাজনৈতিক জোট।

সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যারা ক্ষমতায় আছেন, তারা ভোট ডাকাত, চোর, লুটেরা। জনগণের সঙ্গে প্রতারণা করে অধিকার কেড়ে নিয়েছে তারা। আমরা এ গণবিরোধী সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে চাই।’

তিনি বলেন, ‘তিনবেলা খেতে না পারা মানুষ প্রতিদিন সরকারকে গালি দিচ্ছে। আমরা ক্ষমতায় গেলে চাল-ডালসহ নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যেই রাখবো। বিদ্যুৎ সমস্যার সমাধান করবো।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, গণআন্দোলনের ভয়ে নার্ভাস সরকার। তারা দুইমাসে পাঁচজন মানুষকে মিছিল-সমাবেশে গুলি করে হত্যা করেছে। সমাবেশে মানুষের ঢল রুখতে না পেরে তারা বিরোধী রাজনৈতিক দলের সমাবেশ পণ্ড করতে পরিবহন বন্ধ রাখতে অঘোষিত হরতাল করছে এ সরকার। এটা আওয়ামী লীগের পরাজয় ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নতুন গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করতে চাই। সংবিধান সংস্কার, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, শাসনতান্ত্রিক সংস্কারসহ নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সাত দফা উত্থাপন করেছি। গণতন্ত্রের উত্তরণের পথে না আসলে ভারত বা অন্য কোনো রাষ্ট্রের দিকে তাকিয়ে থেকে এবং হামলা-মামলা কিংবা গুলি করে শেষ রক্ষা হবে না।’

গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর বলেন, ‘জিনিসপত্রের দাম দিগুণ হয়েছে, সরকার কোনো ভ্রুক্ষেপ করছে না। কৃষি উৎপাদনের ব্যয় বেড়ে যাচ্ছে। সার, জ্বালানির দাম বাড়ায় কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, খাদ্যঘাটতি প্রকট হবে।’

তিনি বলেন, ‘এ সরকার গুলি করে, পারলে কামান-ট্যাঙ্ক দিয়ে জনবিক্ষোভকে বা বিরোধীমতকে দমন করার চেষ্টা করছে। কামান-ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েও যদি দেশকে রক্ষা করা না যায়, তাহলে দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব বিলীন হয়ে যাবে।’

গণসংহতি আন্দোলনের মিরপুর জোনের আহ্বায়ক মাহবুব রতনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম