জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্পোর্টস উইং হিসেবে আজ সোমবার বিকেলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স। সংগঠনটিতে যোগ দিয়ে আহ্বায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন দেশের ক্রীড়া সংগঠক নাজমুল আবেদীন ফাহিম। তাঁর সঙ্গে সদস্যসচিব হতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির সাবেক প্রধান এম নাজমুল ইসলাম। তিনি পদে থাকা অবস্থায় গত জানুয়ারিতে খেলোয়াড়দের নিয়ে কিছু মন্তব্য করে আলোচিত হয়েছিলেন।
আজ সোমবার বিকেল চারটায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে এনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত থাকবেন। সেখানে নতুন এই সংগঠনে দুই নাজমুল আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন বলে এনসিপির রাজনৈতিক পর্ষদের দুজন সদস্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
নাজমুল আবেদীন ফাহিম ১৯৮৮ সালে বিকেএসপিতে কোচিং শুরু করেন। বিসিবিতে যোগ দেন ২০০৫ সালে। প্রথমে ছিলেন হাই পারফরম্যান্স দলের জ্যেষ্ঠ কোচ। এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রশিক্ষক ও বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবেও কাজ করেন। ২০১৭ সালে তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের দায়িত্ব পান। তাঁর সময়ে নারী ক্রিকেট দল ২০১৮ সালের এশিয়া কাপের শিরোপা জিতেছিল, জিতেছিল ২০১৯ সালের আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও। ২০১৯ সালের সেপ্টেম্বরে নাজমুল আবেদীন বিসিবি থেকে পদত্যাগ করেন।
গত জানুয়ারিতে যখন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, সে সময় এম নাজমুল ইসলামের কিছু মন্তব্য ক্রিকেটাঙ্গনে উত্তেজনা তৈরি করে। টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এ প্রসঙ্গে গত ১৫ জানুয়ারি বিসিবির অর্থ বিভাগের প্রধান নাজমুল সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি?’
নাজমুল এর সঙ্গে আরও কিছু অসৌজন্যমূলক মন্তব্যও করেন, যা নিয়ে খোদ বিসিবিও আনুষ্ঠানিকভাবে অসন্তোষ প্রকাশ করেছিল। ৪৮ ঘণ্টা সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশও তাঁকে দিয়েছিল বিসিবি। পরে খেলোয়াড়দের দাবির মুখে বিসিবি তাৎক্ষিণকভাবে নাজমুলকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেয়।
এ নিয়ে পরপর দুই দিন অনেক নাটকীয়তার পর খেলোয়াড়দের বিসিবি প্রতিশ্রুতি দেয় যে নাজমুল তাঁর বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করবেন। প্রতিশ্রুতি পেয়ে ক্রিকেটাররা পরদিন খেলায় ফিরলেও বিসিবি কথা রাখেনি। নাজমুলকে আবারও অর্থ কমিটির প্রধানের পদে বসানো হয়।













