শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ দেশের সব নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ধর্ম, বর্ণ কিংবা গোষ্ঠীগত পরিচয়ের কারণে কোনো নাগরিক বৈষম্য বা নিপীড়নের শিকার হবেন, তা গ্রহণযোগ্য নয়। সবার নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বুধবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, শরতের নির্মল আকাশ ও শুভ্র কাশফুলের আবহে বাংলাদেশে দীর্ঘদিন ধরে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হয়ে আসছে। এ উৎসবের মূল শিক্ষা হলো অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও কল্যাণের জয়।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ ভূখণ্ডে হাজার বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, সহিংসতা ও সাম্প্রদায়িক সংঘাত চললেও বাংলাদেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণভাবে নিজ নিজ উৎসব পালনের সুযোগ থাকা বড় অর্জন। এই সম্প্রীতি দেশের শক্তি ও অস্তিত্বের অংশ, যা যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখতে হবে।
মহান মুক্তিযুদ্ধের চেতনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালে সাম্য, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক মর্যাদাভিত্তিক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং অন্যায়ের বিরুদ্ধে সব ধর্মের মানুষের অংশগ্রহণ জাতীয় ঐক্যের ভিত্তি গড়ে দিয়েছে।
রাষ্ট্রপতি আরও বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ এ দেশের নাগরিক। সংবিধান প্রত্যেক নাগরিককে সমান অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। এসব অধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। নাগরিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে সমন্বয়ের জন্য একটি জাতীয় কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
সব ধর্মের মানুষ যেন নিরাপদ ও আনন্দময় পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপতি।
গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে সামাজিক বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে দৃঢ় অবস্থান নিতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে হবে।
রাষ্ট্রপতি বলেন, দেশ সবার। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলতে হবে। কোনো অপশক্তিকে বিভেদ সৃষ্টি করে জাতীয় ঐক্য ও অগ্রগতি বাধাগ্রস্ত করতে দেওয়া যাবে না। পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে নিরাপদ, গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ দেশের সব মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন রাষ্ট্রপতি। শারদীয় উৎসবের আনন্দ ও শুভবোধ সবার জীবনে মঙ্গল বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি।










