• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিমান তৈরি করা জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান

প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫ ৪:০৪
আপডেট: বুধবার, ৫ মার্চ, ২০২৫ ৪:০৪

 

জনতার আওয়াজ ডেস্ক
মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার তৈরি করা বিমান আকাশে ওড়ানোর পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসা করছেন অনেকেই। ভিডিওটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসার পর সেই তরুণ জুলহাস মোল্লার সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান।

বুধবার (০৫ মার্চ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভেরিফাইড পেজ (Bangladesh Nationalist Party-BNP) থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বুধবার (০৫ মার্চ) সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার জুলহাস মোল্লার সঙ্গে সাক্ষাৎ করেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ‘তারেক রহমান’ এর নির্দেশনায়— নিজের গ্রামে বসে বিমান তৈরি করা যুবক জুলহাস মোল্লার সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ব দেখল হার না মানা এক যুবকের দৃঢ় সংকল্প, বাংলার আকাশে লিখে দিল সে আকাশ জয়ের গল্প, এই উড়ে চলা- তার স্বপ্ন জয়ের পর্ব।’

এই লাইনগুলো মানিকগঞ্জের নিভৃত গ্রামের উদ্যোমী যুবক জুলহাস মোল্লাকে নিয়ে লেখা। জীবনে নিজে কখনো বিমানে না চড়লেও জুলহাস মোল্লা নামের একজন ইলেকট্রিক মিস্ত্রি ‘আলট্রা লাইট (আরসি)’ মডেলের একটি বিমান তৈরি করে চমক দেখালেন।

সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানিগঞ্জের তথা দেশের প্রতিভাবান সন্তান জুলহাস মোল্লার কাছে আমরা এসেছি।

তিনি বলেন, জুলহাস মোল্লাকে দেশের ভেতরে যে কোনো একটি ফ্লাইটে টিকিট করে প্লেনে চড়িয়ে উৎসাহ প্রদান করা হবে এবং আজকে তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাকে কিছু অর্থিক সহযোগিতা করেছি।

রুমন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন— আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলহাস মোল্লার ওই কাজে সরকারি প্রণোদনা এবং সহায়তা দেওয়ার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে পাশে থাকবে বিএনপি।

জুলহাস মোল্লার এই উদ্ভাবনী কাজ দেখে অভিভূত তারেক রহমান। জুলহাসের এই অদ্যমী ও প্রশংসনীয় কাজের প্রশংসা করেছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন— মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, বিশিষ্ট পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদ ইমন, বিএনপি নেতা সত্যেন কান্ত পণ্ডিত ভোজন, রহমত লাবলু, সোহেল রানা, মিজানুর রহমান লিটনসহ দলের জেলা ও স্থানীয় নেতারা।

উল্লেখ্য, শিবালয়ের তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার ছেলে জুলহাস রহমান মোল্লা। পরিবারের ছয় ভাইবোনের মধ্যে জুলহাস মোল্লা পঞ্চম। সংসারে অর্থাভাবে ২০১৪ সালে মাধ্যমিকেই থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। বর্তমানে জুলহাস মোল্লা ঢাকায় ইলেকট্টিক মিস্ত্রির কাজের পাশাপাশি চার বছরের চেষ্টায় নিজেই ‘আলট্রা লাইট (আরসি)’ বিমান তৈরি করে আলোচনায় এসেছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম