• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ভারতের কাছে জাকির নায়েককে প্রত্যর্পণ করবে না মালয়েশিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ২:২৭
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ২:২৭

ভারতের কাছে জাকির নায়েককে প্রত্যর্পণ করবে না মালয়েশিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন
 

মালয়েশিয়া সরকার ধর্মীয় বক্তা ড. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণ না করার সিদ্ধান্তে অনড় রয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, জাকির নায়েককে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার বিষয়ে মালয়েশিয়ার কোনো প্রতিশ্রুতি নেই। এ বিষয়ে ভারতের পক্ষ থেকেও এখন পর্যন্ত নতুন কোনো প্রত্যর্পণ অনুরোধ পায়নি মালয়েশিয়া সরকার।

দেশটির প্রভাবশালী দ্য স্টার, দ্য সান মালয়েশিয়া, ফ্রি মালয়েশিয়া টুডে, মালয়েশিয়া কিনিসহ প্রায় সবকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ২০১০ সালে মালয়েশিয়া ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাইফুদ্দিন জানিয়েছেন, ভারত সরকার এর আগে ২০১৮ সালের ১৯ জানুয়ারি জাকির নায়েককে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছিল। পরবর্তী সময়ে ২০২০ সালের ২৯ মে বিষয়টি পুনর্বিবেচনার জন্য কূটনৈতিক নোট পাঠায় ভারত। তবে মালয়েশিয়া সরকার তাকে ভারতে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে কোনো প্রতিশ্রুতিও দেয়নি। দেশটির সংসদে লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানিয়েছেন। পেরিকাতান ন্যাশনালের সংসদ সদস্য ড. আহমাদ মারজুক শারির এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ বক্তব্য দিয়েছেন।

এদিকে, গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে মালয়েশিয়ার আইনি ও কূটনৈতিক অবস্থান স্পষ্ট করার দাবি উঠেছিল। বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকেও আলোচনায় আসে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছিলো, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই বৈঠকে বিষয়টি নিয়ে রুদ্ধদ্বার আলোচনা হয়েছিল বলে আনোয়ার ইব্রাহিম নিশ্চিত করেছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম