• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রাজধানীর ভাড়া বাসা থেকে আইনজীবীর লাশ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৬
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৬

রাজধানীর ভাড়া বাসা থেকে আইনজীবীর লাশ উদ্ধার
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

‎শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালবাগ থানাধীন শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পাশের কক্ষের এক ভাড়াটিয়া পচা গন্ধ পেয়ে তাকে খুঁজতে গিয়ে দেখেন মৃত অবস্থায় পড়ে আছেন। পরে তিনি পুলিশে খবর দেন। পরে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি কার্যক্রম শুরু করে। সেখানে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে তিনি স্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

‎মুহাম্মদ আনোয়ার হোসেন জজ কোর্টের আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশন অ্যানেক্স বিল্ডিংয়ের প্রথম তলার ২১৪ নম্বর কক্ষে তার চেম্বার। তিনি ওই বাসায় ব্যাচেলর হিসেবে একাই থাকতেন। তার পরিবার গ্রামে থাকে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

‎‎লালবাগ থানার ওসি মোহাম্মদ জামিল হোসেন যুগান্তরকে বলেন, আনোয়ার হোসেন জজ কোর্টের অ্যাডভোকেট। তিনি ওই বাসায় ব্যাচেলর হিসেবে থাকতেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে এবং লাশটি দুই থেকে তিন দিন আগের। তার ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে রয়েছে। সেটি যাচাই করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

‎পুলিশের সুরতহালসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম