• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

শ্রীলঙ্কার ‘জনবিদ্রোহ’ থেকে শিক্ষা নিতে হবে: রব

প্রকাশ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২ ১:৩৩
আপডেট: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২ ১:৩৩

 

স্টাফ করেসপন্ডেন্ট

গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থা উৎখাত করায় শ্রীলঙ্কার জনগণকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।

মঙ্গলবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আ স ম আব্দুর রব বলেন, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে উন্নয়নের নামে লুটপাটের মাধ্যমে রাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করার অপকৌশলের বিরুদ্ধে জনগণের আন্দোলন-সংগ্রাম যে কোনো সময় সুনামিতে রূপ নিতে পারে, তা শ্রীলঙ্কার ঘটনায় প্রমাণ হয়েছে। জনগণের ইচ্ছা বা আকাঙ্ক্ষায় পরিচালিত স্বতঃস্ফূর্ত সংগ্রামের মাধ্যমে পরিবারতান্ত্রিক শাসকগোষ্ঠী যে উৎখাত হতে পারে তাও প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, বিদ্যুতের ঘাটতি, অপরিকল্পিত উন্নয়ন ও বিলাসী প্রকল্পে ঋণ গ্রহণ, দুর্নীতি, মুদ্রাস্ফীতি এবং সর্বোপরি জনগণের ইচ্ছা ও অভিপ্রায়কে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনায় পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করাই শ্রীলঙ্কার নজিরবিহীন সংকটের মূল কারণ।

জেএসডি সভাপতি আরও বলেন, শ্রীলঙ্কার কর্তৃতবাদী শাসনের বিরুদ্ধে জনরোষ ধীরে ধীরে জলোচ্ছ্বাসে পরিণত হয়। যার পরিণতিতে সরকারের পতন অনিবার্য হয়ে ওঠে। জনরোষের মুখে রাষ্ট্রযন্ত্রের বল প্রয়োগ কোনো সমাধান নয়, সেই ঐতিহাসিক ন্যায্যতাও প্রমাণিত হলো।

তিনি বলেন, গণমুখী রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নে শ্রীলঙ্কা ও বাংলাদেশের জনগণের অবস্থান এক এবং অভিন্ন। দেশে গুম-খুন বন্ধ না হলে, গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা না হলে, রাষ্ট্রীয় সম্পদের অপচয়, দুর্নীতি এবং বিদেশে অর্থপাচার বন্ধ না হলে বাংলাদেশেও গণজাগরণ অনিবার্য। শ্রীলঙ্কার রাজনৈতিক পরিণতি থেকে কর্তৃত্ববাদী শাসকদের অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম