
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা নিরসনের পথ খুলেছে। জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির জ্যেষ্ঠতা, পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) আপিল বিভাগের ২৯ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। এর আগে গত ২ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় দেন।
রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছিলেন, রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথে দীর্ঘদিনের আইনি জটিলতা দূর হয়েছে। তার মতে, এ রায় দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির জ্যেষ্ঠতা, পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে সৃষ্ট আইনি বিরোধের নিষ্পত্তিতে আপিল বিভাগের এ রায় গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আইনি বাধা কাটানোর সুযোগ তৈরি হয়েছে।
২০১৭ খ্রিষ্টাব্দে জাতীয়করণ করা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক হাইকোর্টে রিট করেন। তাদের দাবি ছিল, জাতীয়করণের আগে তাদের চাকরির মেয়াদের ৫০ শতাংশ গণনা করে জ্যেষ্ঠতার তালিকা তৈরি করতে হবে।
একই সঙ্গে প্রধান শিক্ষক হিসেবে বেতন স্কেল, আর্থিক সুবিধা ও অন্যান্য প্রশাসনিক সুবিধা দেওয়ার দাবিও জানান তারা।
আ/আ













