• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

ঢাবির ভর্তি পরীক্ষা : নবীনদের শুভেচ্ছা জানাতে প্রবীণদের যত উদ্যোগ

প্রকাশ: শনিবার, ৪ জুন, ২০২২ ৭:৫৯
আপডেট: শনিবার, ৪ জুন, ২০২২ ৭:৫৯

ঢাবির ভর্তি পরীক্ষা : নবীনদের শুভেচ্ছা জানাতে প্রবীণদের যত উদ্যোগ

ঢাবি প্রতিবেদক

শুক্রবার (৩ জুন) থেকে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা। আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা। ভর্তি পরীক্ষা ঘিরে নবীন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষার্থীরা নিয়েছে নানা রকমের উদ্যোগ।

বেলা ১১টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা দিতে গিয়ে বেশির ভাগ সময় বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থীরা। পরীক্ষার নির্ধারিত স্থান খুঁজে পেতে দুর্ভোগে পড়তে হয় অনেক ক্ষেত্রে। বিষয়টি মাথায় রেখে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা, দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বসেছে ‘হেল্প ডেস্ক।’

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কলাভবন, কার্জন হল, টিএসসি, লাইব্রেরি চত্বর, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক, সাংস্কৃতিক ও জেলা ও উপজেলা সংগঠনগুলো হেল্প ডেস্ক বসিয়ে সহযোগিতা করছে শিক্ষার্থীদের।

সহযোগিতার মধ্যে রয়েছে—প্রয়োজনীয় তথ্য সরবরাহ, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, চলাচলের সুবিধার্থে বাইক সার্ভিস, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ, সুপেয় খাবার পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে বহন অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইল চেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ, অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা, তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানে মেডিক্যাল ক্যাম্প ইত্যাদি।