মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ বেতন,বোনাসসহ ১৪দফা দাবীতে ধারাবাহিক আন্দোলনের চতুর্থ দিনে বাসায় যাওয়ার পথে বাস থেমে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে বুধবার ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী আমতলী এলাকায় অবস্থিত কোকাকোলা কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা গেটের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করে জড়িতদের শাস্তি দাবী করেছে। বুধবার বিকেলে কারখানা থেকে বেরিয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে সতীর্থরা।
স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, বেতন বৃদ্ধি,কর্মপরিবেশ,ট্রেড ইউনিয়নের অধিকার,উৎসব বোনাসসহ ১৪দফা দাবীতে গেল ক’দিন ধরে কারখানা ছুটির পর গেটের সামনে আন্দোলন কর্মসুচী পালন করছিল কোকাকোলা বেভারেজ কারখানার শ্রমিকরা। মঙ্গলবার কর্মসুচী শেষে বাসযোগে বাসায় ফেরার পথে আবুল কালাম আজাদ ও রুহুল আমীন নামে দুই সিবিএ নেতাকে বাস থেকে নামিয়ে অপহরন করে দুর্বৃত্তরা। পরে তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে মারধোর করা হয়।

এক পর্যায়ে ৯৯৯ এ ফোন করে ভালুকা মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে রাত ৮টার দিকে উপজেলার হবিরবাড়ী থেকে দু’জনকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবীতে বুধবার কারখানা গেটে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করে বিক্ষুব্ধ শ্রমিকরা। মারধোরের ঘটনায় ভালুকা মডেল থানায় একটি জিডি রুজু করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ভালুকা মডেল থানা পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
ময়মনসিংহ শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী সায়েদুর রহমান জানান, শ্রমিকদের দাবী নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে শিল্প পুলিশ। এ ব্যাপারে আগামী ১২জুন একটি বৈঠক রয়েছে। বিষয়টি নিষ্পত্তি করার চেষ্ঠা চলছে।

