• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

বাজেটকে কঠিন সময় অতিক্রম করতে হবে: অর্থমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২ ১০:৩৭
আপডেট: শুক্রবার, ১০ জুন, ২০২২ ১০:৩৭

9623

বাজেটকে কঠিন সময় অতিক্রম করতে হবে: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

সংসদে পেশ করা প্রস্তাবিত বাজেট বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে এই বাজেটকে কঠিন সময় অতিক্রম করতে হবে এবং অনেক চড়াই-উৎরাই আসবে বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার (১০ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে মন্ত্রী এই কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতি যে ক্ষতির মুখে পড়ে সেটা থেকে উত্তরণের কথা মাথায় রেখে এবারের বাজেট প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। এই বাজেটে জনগণের কথা বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। তিনি জানান, করোনা মহামারিতেও দেশের সামষ্টিক অর্থনীতি নিম্নমুখী ছিল না। স্থানীয় শিল্পকে সরকার উৎসাহিত করছে।

কালো টাকা সাদা করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘টাকা ডিজিটাল মাধ্যমে পাচার হচ্ছে। নরওয়ে, যুক্তরাষ্ট্র, জার্মানিসহ উন্নত দেশও এ ধরনের সুযোগ দেয়। নানা কারণে টাকা পাচার হয়, কোনো প্রমাণ ছাড়া এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না। তবে কারও কারও ক্ষেত্রে অ্যাকশনও নেওয়া হচ্ছে প্রমাণসাপেক্ষে। এগুলো আমরা চেষ্টা করছি ফেরত আনতে। আপনার বাধা দিয়েন না। বাধা দিয়ে লাভ কী।’

মন্ত্রী বলেন, ‘আমরা এগুলো কালো টাকা না বলে অপ্রদর্শিত অর্থ বলি। আমরা এ দেশের মানুষের কল্যাণেই এ সিদ্ধান্ত নিয়েছি।’

অর্থমন্ত্রী বলেন, ‘গত বাজেট থেকেই একটি বিষয়ে গুরুত্ব দিয়েছি। সেটা হলো ‘মেড ইন বাংলাদেশ’। যদি দেশের ভেতরে কোয়ালিটিসম্পন্ন পণ্য উৎপাদিত হয়, তাহলে বিদেশ থেকে আনাটাকে আমরা ভালো দেখি না। বিদেশ থেকে পণ্য আমদানি করে আনাকে আমরা নিরুৎসাহিত করি।’

সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মুসলিম চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৭ শতাংশ। আর মূল্যস্ফীতির লাগাম টেনে ধরে ৫ দশমিক ৬ শতাংশে রাখতে চায় সরকার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com