নিউজ ডেস্ক
প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী ও তাদের পরিবার পরিজনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ডক্টরেট প্লাটফর্ম ইন ফিনল্যান্ড (বিডিপিএ) আয়োজন করেছিল বনভোজন ও মিলনমেলা ২০২২।
গত শনিবার (২৩ জুলাই) ফিনল্যান্ডের বাগান জীবনশৈলী-হেইনোলা শহরের নয়নাভিরাম কুমি (Kymi) নদীর তীরে ভাসিকা সারানতিয়ে নামক জায়গায় আনন্দঘন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিডিপিএফ আয়োজিত ‘বনভোজন ও মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত হয়’।
করোনা মহামারি ও বিশ্ব রাজনীতির মন্দা অবস্থা আমাদের জীবনকে দুর্বিষহ করে ফেলেছে। এ যেন এক অপ্রত্যাশিত সময়ের সন্ধিক্ষণ। এ রকম একটি গোমট পরিবেশ থেকে বের হয়ে দগ্ধ প্রাণ শীতল করার জন্য, আকাশের মতো উদার ও নির্মল প্রকৃতির সান্নিধ্যে এবং প্রিয়জনদের সাথে ভালোলাগাগুলো ভাগাভাগি করার মাধ্যমে বিডিপিএফ আয়োজিত এই বনভোজন ও মিলনমেলা উপস্থিত সবার মনে বয়ে আনে উৎফুল্লতা। শিশু ও কিশোরদের আনন্দে ভরা হৈ চৈ চোখে পড়ার মতো ছিল।
বিডিপিএফের ফাউন্ডিং সভাপতি মঞ্জুরে মওলার তত্ত্বাবধায়নে ও নির্বাহী সদস্যদের সহযোগিতায় এবং সাহাউল হক ও ইয়াছিনুর রহমানের প্রাণবন্ত উপস্থাপনায় দুপুরের খাবারের পর শুরু হয় চারটি পর্ব। পরিচিতি পর্ব, প্রতিযোগিতামূলক খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সান্ধ্যকালীন বারবিকিউ পার্টি।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন ফেরদৌস অনন্য মওলা। সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন যথাক্রমে অসীম কর, প্রীতি জাহানারা ফেরদৌস সুবর্ণা, দ্বৈত সংগীত পরিবেশন করেন সুবর্ণা ও মুঞ্জুর। খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর খোলা আকাশের নিচে বারবিকিউ পর্বের মধ্য দিয়ে বনভোজনের কার্যক্রম শেষ হয়। এ পর্বের দায়িত্বে ছিলেন রফিকুল হায়দার ও গোলাম সারোয়ার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিডিপিএফ উপদেষ্টা সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সভাপতি মঞ্জুরে মওলা। এই পর্ব পরিচালনা করেন ডক্টর ইয়াসিনুর রহমান ও তাহমিনা খানম।

