• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

পিপলস লীগ ও জাতীয় দলের সঙ্গে বিএনপির সংলাপ অনুষ্টিত

প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২ ১২:০৫
আপডেট: সোমবার, ১ আগস্ট, ২০২২ ১২:০৫

পিপলস লীগ ও জাতীয় দলের সঙ্গে বিএনপির সংলাপ অনুষ্টিত

স্টাফ করেসপন্ডেন্ট

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকারের বিরুদ্ধে ‘বৃহত্তর’ প্ল্যাটফর্মে আন্দোলনে গড়তে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে বিএনপি। এরই অংশ হিসেবে রোববার (৩১ জুলাই) ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ পিপলস লীগ ও জাতীয় দলের সঙ্গে সংলাপ করেছে দলটি।

এ নিয়ে জোটের মোট ১২টি দলের সঙ্গে সংলাপ শেষ করলো বিএনপি। অন্য দলগুলো হলো- ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, ইসলামিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), লেবার পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী), মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, সাম্যবাদী দল ও ডেমোক্রেটিক লীগ (ডিএল)।

গত ২৪ মে থেকে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে বিএনপি। ২০ দলীয় জোটের বাইরে বিএনপি জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপ করেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব সংলাপে দলের নেতৃত্ব দেন।

রোববার (৩১ জুলাই) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ ও মহাসচিব সৈয়দ মাহবুব মোর্শেদ এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ও মহাসচিব রফিকুল ইসলাম নিজ নিজ দলের নেতৃত্ব দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই দুইটি সংলাপ ছিলেন।

সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই ফ্যাসিবাদী-কর্তৃত্ববাদী সরকারের পতনের লক্ষ্যে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ করার যে উদ্যোগ নিয়েছি তার অংশ হিসেবে আমরা আজ তিনটি দলের সঙ্গে আলোচনা করেছি। আমরা এই সরকারের সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে বৃহত্তর ঐক্যের মধ্যে দিয়ে আন্দোলন গড়ে তুলতে একমত হয়েছি।

জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা বলেন, চলমান সংলাপের অংশ হিসেবে আমরা আজকে বিএনপির সঙ্গে আলোচনা করেছি। বিএনপির মহাসচিব যে কথাগুলো বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, সংসদ বিলুপ্ত, নির্বাচন কমিশন পুনর্গঠন সর্বোপরি খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্বাসিত জীবন থেকে তাকে ফিরিয়ে আনা। এসব ব্যাপারে আমরা যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ জাতীয় দল সেই আন্দোলনে সর্বাত্মকভাবে শরিক থাকবে।