• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকার মরণঘাতী কর্মসূচি হাতে নিয়েছে: রিজভী

প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২ ৪:০৮
আপডেট: বুধবার, ৩ আগস্ট, ২০২২ ৪:০৮

সরকার মরণঘাতী কর্মসূচি হাতে নিয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘অবৈধ সরকারের প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা ও আওয়ামী লীগের কারণে দেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ ধেয়ে আসছে। আর জনগণের চোখ যাতে ওই দুর্ভিক্ষের দিকে না যায় সেজন্য সরকার এখন হত্যার রাজনীতি শুরু করেছে। দেশকে ভয়ঙ্কর দুর্বৃত্তপরায়ণতার দিকে ঠেলে দিতে মরণঘাতী কর্মসূচি হাতে নিয়েছে। আমাদেরকে এই সরকারের পতন ঘটাতে হবে।

বুধবার (৩ আগস্ট) কুড়িগ্রামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব (ড্যাব) যৌথ উদ্যোগে এবং স্থানীয় বিএনপির সহযোগিতায় বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্যাদুর্গতদের চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেলার ঘোগাদাহ ইউনিয়ন পরিষদ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ এবং ত্রাণ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- বিএনপির নেতাদের হাতে হারিকেন ধরিয়ে দেয়ার কথা। আরে হারিকেনটা ধরাবেন কি করে? আপনার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার মতো সৎ লোক নেই। তিনি নাকি সততার প্রতীক! ওই যে বলে না ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। কিন্তু কে কলা খেয়েছেন সেটা বলা হয়নি। আর ওবায়দুল কাদের বললেন তিনি সৎ! ঢোল বাজিয়ে আপনি বলছেন যে, আপনি (প্রধানমন্ত্রী) সৎ। কারণ দেশবাসী জেনে গেছে ওই কুইক রেন্টালের টাকা কার পকেটে গেছে? গ্যাস ফিল্ডের টাকা, সোনালী ব্যাংকের টাকা কার কাছে গেছে? বেসিক ব্যাংক থেকে টাকা কার কাছে গেছে? সবাই শেখ হাসিনার আশেপাশের লোক। তাদের কাছেই গেছে। এজন্যই আজ বিদ্যুৎ নাই, গ্যাস নাই, সার নাই। কৃষি উৎপাদন অর্ধেক কমে যাবে।

বিএনপির এই মুখপাত্র বলেন, আমাদের গ্রামের গরিব মেয়েরা ঢাকায় গিয়ে গার্মেন্টসে কাজ করে। সেই গার্মেন্টসে বিদ্যুৎ না থাকার কারণে উৎপাদন কমেছে। বিদেশি ক্রেতারা বলছে আপনাদের সাথে আমরা আর বেশিদিন ব্যবসা করতে পারবোনা। কারণ তারা শিডিউল মতো মালামাল সরবরাহ করতে পারেন না। অর্থাৎ এই কারণে গ্রাম বাংলার অসংখ্য নারী-পুরুষ যারা গার্মেন্টসে কাজ করেন তারা চাকরি হারাবে। না পারবে শহরে থাকতে না পারবে গ্রামে আসতে। না কৃষি উৎপাদনের সাথে থাকতে পারবে? শেখ হাসিনা ও আওয়ামী লীগের কারণে দেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ ধেয়ে আসছে। এর থেকে মুক্তি পেতে হলে এখনই আমাদেরকে দাঁড়াতে হবে।

পুলিশের গুলিতে বিএনপি নেতা আব্দুর রহিম খুনের কথা উল্লেখ করে রিজভী বলেন, ভোলাতে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে পুলিশ গুলি করে হত্যা করেছে। কারণ বিএনপি ওই হত্যা নিয়ে ব্যস্ত থাক। তারা বিদ্যুৎ নিয়ে কৃষি নিয়ে কথা বলবে না। সেজন্যই সরকার দেশে রক্তগঙ্গা বইয়ে দিতে চায়।

চরম সংকটের মধ্যে দেশকে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশে এই সংকটের মধ্যে তিনি নেতৃত্ব দিচ্ছেন। গণতন্ত্র হারা বাংলাদেশ একেবারে স্তব্ধ, মানুষ কথা বলতে ভয় পায় এই সময়ে নেতৃত্ব দিচ্ছেন মানুষের কথা বলার পক্ষে তিনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।

রিজভী বলেন,’আপনারা অনেকেই কৃষি উৎপাদনের সাথে জড়িত কৃষক। আপনারা উচ্চ ফলনশীল ধানের কথা শুনেছেন। উচ্চ ফলনশীল আমন, উচ্চ ফলনশীল বোরোর কথা শুনেছেন কিন্তু উচ্চ ফলনশীল মিথ্যা কথার কথা কি শুনেছেন? উচ্চ ফলনশীল মিথ্যা কথার জন্ম হয়েছে এই বাংলাদেশে শেখ হাসিনার আমলে।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ড্যাবের মহাসচিব ডা. মো: আব্দুস সালাম, সহ-সভাপতি ও সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ডা. মোঃ সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, জেডআরএফের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মাহবুব আলম, ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা: মো: মেহেদী হাসান, যুগ্ম মহাসচিব, ডাঃ মো: পারভেজ রেজা কাকন প্রমুখ।