• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকার ‘নিয়ন্ত্রিত’ আদালতে ২১ আগস্টের সাজা: রিজভী

প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২ ১০:২৯
আপডেট: সোমবার, ২২ আগস্ট, ২০২২ ১০:২৯

সরকার ‘নিয়ন্ত্রিত’ আদালতে ২১ আগস্টের সাজা: রিজভী

সরকার আদালতকে নিয়ন্ত্রণ করে ২১ আগস্টের মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে সাজা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘নিয়ন্ত্রিত আদালতের বিরুদ্ধে কথা বললে ফরমায়েশি রায়ের বিরুদ্ধে কথা বললে ফৌজদারি অপরাধ হয় না।’

সোমবার (২২ আগস্ট) কেরানিগঞ্জে এক মশাল মিছিল শেষে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও জ্বলানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আদালতের বিরুদ্ধে কথা বলে রিজভী ফৌজদারি অপরাধ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যের জবাবে তিনি আরও বলেন, আইন আদালত এখন সরকারের নিয়ন্ত্রণে। আদালত এখন সরকারের আজ্ঞাবাহি হিসেবে কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে সাজা দেওয়া হয়েছে তা সরকারের হুকুমে দেওয়া হয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় তারেক রহমানেক সাজা দেওয়া হয়েছে। সুতরাং তাদের ফরমায়েশি রায় বা নিয়ন্ত্রণের বিরুদ্ধে কথা বলা মানে ফৌজদারি অপরাধ নয়।

রিজভী আরও বলেন, যে দেশের প্রধান বিচারপতিকে দেশ থেকে জোর করে নির্বাসনে পাঠানো হয় সে দেশের বিচার ব্যবস্থা কতটা স্বাধীন তা সবাই জানে। তার দেওয়া সত্য রায়ে সরকারের মনের মত হয়নি বলে নির্বাসনে যেতে হয়েছে।

কেরানিগঞ্জ থানা বিএনপির উদ্যোগে মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আসফাক, থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরি, মোজাদ্দেদ আলী বাবুসহ কয়েক হাজার নেতা-কর্মী।