• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জনতার ট্রাইব্যুনালে ঢাবির ভিসি-প্রক্টরের বিচার হবে বললেন রিজভী

প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:২৭
আপডেট: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:২৭

জনতার ট্রাইব্যুনালে ঢাবির ভিসি-প্রক্টরের বিচার হবে বললেন রিজভী

জনতার ট্রাইব্যুনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং প্রক্টরের বিচার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি গত ১৩/১৪ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর যে অন্যায় অত্যাচার করেছেন, খুন-গুম করেছেন ক্রসফায়ার দিয়েছেন। আপনি কি মনে করেছেন এত অন্যায় করেও পার পেয়ে যাবেন? পৃথিবীর ইতিহাসে অন্যায় করে কেউ পার পায়নি। জনতার পক্ষ থেকে যে ট্রাইব্যুনাল হবে সেই ট্রাইব্যুনালে আপনার (প্রধানমন্ত্রী) ভাইস চ্যান্সেলর (ভিসি) এবং প্রক্টরের বিচার হবে।’

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘নিরস্ত্র ছাত্রদলের নেতাকর্মীদের মিছিলে ফাঁদ পেতে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভাইস চ্যান্সেলর। এই হামলার জন্য তারা দুজনই দায়ী। শেখ হাসিনা তার চাকর-বাকর ছাড়া ভাইস চ্যান্সেলর এবং প্রক্টর নিয়োগ করেন না। আজকে আমরা তারই প্রতিফলন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনাদের প্ররোচনায় আপনাদের তত্ত্বাবধানে আপনাদের পৃষ্ঠপোষকতায় ছাত্রদলের নিরস্ত্র নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। আপনারা ছাত্রলীগকে ওঁৎ পেতে থাকার সুযোগ করে দিয়েছিলেন।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘ভোলায় ছাত্রদলের জেলা সভাপতিকে গুলি করে হত্যা করা হলো,নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জে যুবদলের দুই শাওনকে হত্যা করা হলো। তাদের রক্ত ভেজা শার্ট কবি শামসুর রাহমানের ভাষায় সেটি হলো প্রাণের পতাকা।’

সংবাদ সম্মেলনে ছাত্রদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক আবু আফসান ইয়াহিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।