• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্তরা বিলুপ্তির পথে : ডা. ইরান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ৪:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ৪:৫৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্তরা বিলুপ্তির পথে : ডা. ইরান

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে সরকারের কোন নিয়ন্ত্রন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, দেশে ধনী-গরিরের বৈষম্য চরম আকার ধারণ করছে। ধনী আরও ধনী হচ্ছে আর দ্রব্যমূল্য ও জীবনযাপনের ব্যয় বৃদ্ধিতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণী বিলুপ্ত হয়ে সর্বহারা শ্রেণীতে পরিণত হচ্ছে।’

তি‌নি ব‌লেন, ‘আগে দ্রব্যমূল্যের বাজার সরকার নিয়ন্ত্রণ করতো আর এখন জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকায় নিত্যপণ্যের বাজার ও সরকারকে কালোবাজারী অসাধু সিন্ডিকেট চক্র নিয়ন্ত্রণ করছে।’

বৃহস্প‌তিবার (২৯ সেপ্টেম্বর) চাল তেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে তি‌নি একথা বলেন। মিছিলটি তোপখানা রোড থেকে শুরু হয়ে পল্টনমোড়, সচিবালয় ঘুরে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

ডা. ইরান বলেন, ‘দুর্নীতি এখন জাতীয়করণ হয়েছে। সমাজের সর্বস্তরের সেবাখাত অফিস আদালতে ঘুষ-দুর্নীতি নিয়মে পরিণত হয়েছে। নীতি নৈতিকতা আজ পদদলিত। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের মহোৎসব চলছে। সৎ ও নিষ্টাবানরা আজ চরম অসহায় জীবন যাপন করছে।’

‘এভাবে একটা সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চলতে পারে না। আইন শৃংখলা বাহিনী ও সিভিল প্রশাসনে দুর্নীতির খেসারত গুনছে সাধারণ মানুষ। তাই চলমান অচলাবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে।’

নগর সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী মিলন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, শ্রমিকদল নেতা মাহবুবুল আলম বাদল, ধর্ম সম্পাদক মাওলানা তারিকুল ইসলাম সাদি, যুবমিশন সদস্য সচিব সৈকত চৌধুরী, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ও সহ-সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ।