• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

একটি প্রজন্ম এখনো ভোট দিতে পারেনি: শেরিফা কাদের

প্রকাশ: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ৭:২১
আপডেট: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ৭:২১

একটি প্রজন্ম এখনো ভোট দিতে পারেনি: শেরিফা কাদের

দেশের মানুষ বিতর্কিত নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের।

তিনি বলেছেন, এক যুগ হলো একটি প্রজন্ম ভোটাধিকার অর্জন করেছে, কিন্তু তারা এখনো ভোট দিতে পারেননি।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে জাতীয় সাংস্কৃতিক পার্টির জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শেরিফা কাদের বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ অসহনীয় কষ্টে আছেন। প্রতিদিনই দু-একটি পণ্যের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু দেখার যেন কেউ নেই। বাজার ব্যবস্থাপনায় সরকার পুরোপুরি ব্যর্থ।

তিনি বলেন, অযৌক্তিকভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। মানুষের আয় বাড়ছে না। প্রতিদিনই মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। এমন বাস্তবতায় জীবন রক্ষাকারী ওষুধ ও শিশু খাদ্যও কিনতে পারছে না সাধারণ মানুষ।

তিনি আরও বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টি রাজনীতি করছে। আমরা মানুষের সব অধিকার নিশ্চিত করতেই রাজনীতি করছি।