• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অপকর্ম করে যারা দুর্নাম কামিয়েছে তারা মনোনয়ন পাবে না: ওবায়দুল কাদের

প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ১০:৩৩
আপডেট: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ১০:৩৩

অপকর্ম করে যারা দুর্নাম কামিয়েছে তারা মনোনয়ন পাবে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা অপকর্ম করে, গড ফাদারগিরি করে দুর্নাম কামিয়েছে আগামী নির্বাচনে তারা আওয়ামী লীগের মনোনয়ন কিছুতেই পাবে না। এটা নেত্রীর পরিষ্কার নির্দেশ।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘স্বপ্ন ও সম্ভাবনার স্ফুলিঙ্গ- শেখ রাসেল’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, টাকা নিয়ে পলিটিক্যাল রুম, এই সব যারা করে তাদের তালিকা তৈরি হচ্ছে। তাদের খবর আছে, ক্ষমা নেই।

দুর্ভিক্ষ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বৈশ্বিক পরিস্থিতির কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আগামীতে দুর্ভিক্ষের সম্ভাবনা আছে। আর এই পূর্বাভাস দিয়েছে আইএমএফ ও বিশ্বব্যাংক। শেখ হাসিনা তো সেটাই বলেছেন। এখানে অন্যায় কী করেছেন? আর উনি দেখছেন বাংলাদেশের দুর্ভিক্ষ। দেশে নাকি এখন দুর্ভিক্ষ হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশকে সোমালিয়া বানাবেন না। বাংলাদেশ ইনশাল্লাহ সোমালিয়া, আফগানিস্তান হবে না। বাংলাদেশ সংকটে আছে, সেটা প্রধানমন্ত্রী স্বীকার করেছেন। আমাদের খাদ্য আছে, তেলের একটু সংকট আছে। কাটিয়ে উঠার চেষ্টা করছি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিনের কর্মসূচির অংশ হিসেবে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি, দরিদ্র তহবিলে বিশেষ অনুদান ও শিক্ষার উপকরণ বিতরণ করা হয়। শেখ রাসেল এই স্কুলের শিক্ষার্থী ছিলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন ও আনিসুর রহমান বক্তব্য দেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল হালিম। সঞ্চালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী।