• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নয়াপল্টনে বিএনপির সমাবেশ, চলছে প্রস্তুতি

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ১২:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ১২:৫৭

নয়াপল্টনে বিএনপির সমাবেশ, চলছে প্রস্তুতি

দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির সারাদেশে চলমান যুগপৎ আন্দোলন কর্মসূচিতে নির্বিচারে হামলা, মামলা, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে আজ নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে দলটি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে সমাবেশ ঘিরে তিনটি ট্রাকের ওপর এখন মঞ্চ নির্মাণের কাজ চলছে। তবে সকাল থেকে সরেজমিনে নয়াপল্টনে দলটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযাদ্ধা আব্দুস সালাম।

সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, একদিনের প্রস্তুতিতে এ প্রতিবাদ সমাবেশ হতে যাচ্ছে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে যোগ দেবেন।

তিনি বলেন, সমাবেশ থেকে সরকারকে অবিলম্বে চলমান হামলা-মামলা-গ্রেফতার বন্ধ করতে বার্তা দেওয়া হবে। অন্যথায় আরও বৃহত্তর কমসূচি দেওয়া হবে। কারণ, সভা-সমাবেশ করা প্রতিটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার।