• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

খুলনার পথে বাসের পর এবার ট্রেনও বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ ৫:১৮
আপডেট: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ ৫:১৮

খুলনার পথে বাসের পর এবার ট্রেনও বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

খুলনার পথে বাসের পর এবার ট্রেনও বন্ধ রয়েছে। বিএনপির গণসমাবেশ ঘিরে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। চুয়াডাঙ্গা থেকে শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খুলনা অভিমুখে কোনো ট্রেন ছেড়ে যায়নি। স্বাভাবিক সময়ে অন্তত একটি মেইল ট্রেন ও একটি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল।

এ কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও যশোরের মানুষ বিভাগীয় শহর খুলনায় যেতে পারছেন না। এর আগে গতকাল বাস চলাচল বন্ধ করা হয়েছিল।

চুয়াডাঙ্গার রেলওয়ে স্টেশনমাস্টার মিজানুর রহমান দুপুর সোয়া ১২টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস পাবনার ঈশ্বরদী জংশনে অবস্থান করছে।’ সেটি কখন সেখান থেকে ছাড়বে বা আদৌ ছাড়বে কি না, তা বলতে পারেননি এই কর্মকর্তা। মহানন্দা এক্সপ্রেসের বিষয়েও কিছুই জানাতে পারেননি তিনি।

জ্বালানি তেল, চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ও দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে গণসমাবেশ ডেকেছে বিএনপি। শনিবার দুপুর সোয়া ১২টায় কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এতে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন।