• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ৬:০০
আপডেট: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ৬:০০

জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ

জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে ‘যুব সমাবেশ’ করছে সংগঠনটি। পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ শুরু হয়।

সমাবেশ উপলক্ষে দুপুরের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন যুবদলের নেতাকর্মীরা। এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে ও সরকারবিরোধী নানা স্লোগান দেন তারা।

এদিকে, সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাইকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির নেতারও সমাবেশে বক্তব্য রাখবেন।

এতে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। সঞ্চালনায় রয়েছেন যুবদলের সম্পাদক মোনায়েম মুন্না।

যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ছাড়াও নানা কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত, বিভাগীয় শহরে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।