• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

মিছিল সমাবেশ নিষিদ্ধ করার বিধান কেন অবৈধ নয় : হাইকোর্ট

প্রকাশ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ৩:৩৯
আপডেট: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ৩:৩৯

মিছিল সমাবেশ নিষিদ্ধ করার বিধান কেন অবৈধ নয় : হাইকোর্ট

সভা সমাবেশে ও মিছিল করতে পুলিশের কাছে অনুমতি নেওয়ার বিধান সংক্রান্ত ২৯ ধারা কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ চারজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

রবিবার (৩০ অক্টোবর) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার এ মামলায় আদেশের জন্য দিন নির্ধারণ করেন আদালত।

রিটে এই অধ্যাদেশের অধীন পুলিশের দায়মুক্তির বিধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ রুলস, ২০০৬ এর বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।

গত ২০ অক্টোবর কে এম জাবির, চাঁদুপর বারের আইনজীবী সেলিম আকবর রাজধানীর বাসিন্দা শাহ নুরুজ্জামান, মোহাম্মদ ইয়াসিনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মোমেন চৌধুরী জনস্বার্থে এই রিট করেন।

এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ এর ধারা ২৯ ও ১০৫ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (সভা, সমাবেশ, মিছিল এবং আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ) রুলস, ২০০৬ এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

সেকশন ২৯-এ বলা হয়েছে, জনসাধারণের শান্তি বা নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ কমিশনার যখনই প্রয়োজন মনে করবেন এবং যতদিনের প্রয়োজন বিবেচনা করবেন লিখিত আদেশ দ্বারা কোনো জনসমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে শর্ত থাকে যে অনুরূপ কোনো নিষেধাজ্ঞা সরকারের অনুমতি ব্যতীত ত্রিশ দিনের বেশি বলবৎ থাকবে না।

১০৫ এ বলা হয়েছে, এ অধ্যাদেশের কোনো বিধান অথবা আপাতত বলবৎ অন্য কোনো আইন বা তদুদ্দেশ্যে প্রণীত কোনো বিধি, প্রবিধান আদেশ বা নির্দেশের অধীন সরল বিশ্বাসে কৃত কোন কাজ বা ক্ষতির জন্য কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো কার্যধারা গ্রহণ করা যাবে না।

সমাবেশের স্বাধীনতা-সংক্রান্ত সংবিধানের ৩৭ অনুচ্ছেদে বলা হয়েছে, জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ-সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হওয়ার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।