• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অর্থনৈতিকভাবে দেশ আজ ভয়ংকর সংকটে নিপতিত : রব

প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ৭:৩৪
আপডেট: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ৭:৩৪

অর্থনৈতিকভাবে দেশ আজ ভয়ংকর সংকটে নিপতিত : রব

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অর্থনৈতিকভাবে দেশ আজ ভয়ংকর সংকটে নিপতিত। সরকারের অপরিকল্পিত ও যথেচ্ছ ব্যবহারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামী তিন মাস পর বড় সংকটে পড়তে যাচ্ছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, বেকারত্ব, তীব্র জ্বালানি সংকট ও নীরব দুর্ভিক্ষে দেশ চরম আর্থিক দুরবস্থায় নিপতিত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) জেএসডির সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালিপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। র্যালীটি শিল্পব্যাংক ভবনের সম্মুখ পার্কের সামনে থেকে শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, তথাকথিত উন্নয়নের নামে উচ্চাভিলাষী মেগা প্রজেক্ট গ্রহণ, ঋণখেলাপির ভারে ব্যাংকিং ব্যবস্থার ধ্বংস সাধন, জ্বালানি খাতে লুটপাটের প্রতিযোগিতা এবং মুদ্রা পাচারে সরকারের সংশ্লিষ্টতাসহ সীমাহীন দুর্নীতি ও অপশাসন এই অত্যাসন্ন রাষ্ট্রীয় অর্থনৈতিক মহাবিপর্যয়ের কারণ।

রব বলেন,অভাবনীয় এই অর্থনৈতিক বিপর্যয় ও ভয়ংকর দুর্যোগের পূর্বেই সরকারকে পদত্যাগ করতে হবে। এত বড় জাতীয় সংকট কোনো একক দলের পক্ষে মোকাবিলা করা সম্ভব হবে না। এ বিষয়ে শ্রম, কর্ম ও পেশাজীবীসহ সবার জাতীয় ঐক্য অপরিহার্য।

তিনি আরও বলেন, বিদ্যমান শাসনব্যবস্থা দিয়ে গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করা সম্ভব হবে না। রাষ্ট্রক্ষমতায় শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষের প্রতিনিধিত্ব অনিবার্য হয়ে উঠেছে। অংশীদারত্বমূলক শাসনব্যবস্থা প্রবর্তন করার মধ্যদিয়ে বাঙালি জাতীয়তাবাদকে আরও বিকশিত করতে হবে। সরকারের পতন, সংবিধান সংস্কার ও রাষ্ট্র রূপান্তরের সংগ্রামের মধ্যদিয়ে জেএসডিকে কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

র্যালি পূর্ব সমাবেশে দলের কার্যকরী সভাপতি মো. সিরাজ মিয়া, সহ-সভাপতি তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।