জনসাধারণের আস্থা অর্জন করতে নৌ পুলিশ সক্ষম হবে বলে প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি আশা করি, আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ ও জ্ঞান লাভের মাধ্যমে নিজেদের দক্ষতাকে উন্নতিসাধন করবে নৌ পুলিশ।
শনিবার (১২ নভেম্বর) ‘নৌ পুলিশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৌ পুলিশের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান শেখ হাসিনা এ।
মহান মুক্তিযুদ্ধে যেসব বীর পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশ পুলিশকে সাইবার ক্রাইম, জঙ্গি ও সন্ত্রাস দমন, মানি লন্ডারিং ইত্যাদি সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম একটি জনবান্ধব আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব ধরনের সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছে।
শেখ হাসিনা বলেন, ২০১৩ সালে নৌ পুলিশ প্রতিষ্ঠার পর থেকে সীমাবদ্ধ অবকাঠামোগত সুযোগ সুবিধার মধ্য দিয়েই এই ইউনিট পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমানে নৌ পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালনের মাধ্যমে অভ্যন্তরীণ নৌ পথের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করার পাশাপাশি নদীতে বিদ্যমান জাতীয় সম্পদ মা ইলিশ, জাটকাসহ অন্যান্য জলজ সম্পদ সংরক্ষণ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং নদী দূষণ প্রতিরোধ ও নাব্যতা রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি প্রত্যাশা করেন, নৌ পুলিশের প্রত্যেক সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে অবদান রাখবে।

