জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়াকে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে বিএনপি জেলা কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সকাল থেকে শহরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এরপর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ডিবি রোডের দিকে যেতে চাইলে পুলিশি বাধার মুখে সেখান থেকে ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে।
স্বেচ্ছাসেবক দল জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ শহর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন।
বক্তারা বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পেরে তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। সাধারণ মানুষের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি কোনোটিই তারা পূরণ করতে পারেনি। আজ যখন তারা দেখতে পাচ্ছে কোনোভাবেই আর আগামী নির্বাচনে জয়লাভ করতে পারবে না, তাখন তারা বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীকে পাখির মতো গুলি করে মারছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা এবং তার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
তারা আরো বলেন, আগামী দিনে সরকার পতনের এক দফা আন্দোলনের ডাক আসবে। আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। সকল ভয় ভীতি উপেক্ষা করে এই জালিম সরকারের পতন করতেই হবে।
খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করা হয় সমাবেশ থেকে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতাকর্মীরা।

