• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণআন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে : বরকত উল্লাহ বুলু

প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ১২:১৪
আপডেট: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ১২:১৪

গণআন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে : বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির দলনেতা বরকত উল্লাহ বুলু বলেছেন, নিজ গৃহে শান্তিতে থাকতে হলে স্বৈরাচারিনী শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করানোর বিকল্প নেই। হামলা মামলাবাজ এই ভোট ডাকাত সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে উল্লেখ করে বুলু বলেন, তিন বারের সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও আজ নিজ গৃহে অন্তরীণ আছেন। দেশকে এভাবে চলতে দেয়া যায় না। আর সেজন্যই বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ সফল করার মধ্য দিয়ে গণ-আন্দোলনে পরিণত করে হাসিনার পতন নিশ্চিত করতে হবে।

আজ সোমবার সকালে আসন্ন আগামী ২৬ নভেম্বরের কুমিল্লা বিভাগীয় গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠন আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

সোমবার কুমিল্লার নূর মহল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার। সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির সমন্বয়ক মো. মোস্তাক মিয়া। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপিকা ড. শাহেদা রফিক, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুইয়া, রফিক শিকদার, একরামুল হক বিপ্লব. ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।