• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

১০ ডিসেম্বর প্রতিহত করার চেষ্টা করলে, জবাব দেওয়া হবে: দুদু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ১১:৪১
আপডেট: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ১১:৪১

১০ ডিসেম্বর প্রতিহত করার চেষ্টা করলে, জবাব দেওয়া হবে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার বিএনপির প্রতিটি সমাবেশ প্রতিহত করার চেষ্টা করেছে। আগামী ১০ ডিসেম্বর প্রতিহত করার নামে তারা যদি রাস্তায় নামে তবে আমরাও পাল্টা জবাব দেব। যে ভাষায় তারা কথা বলবে আমাদের জবাবটাও হবে সেই ভাষায়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে দলের পক্ষ থেকে মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, সরকার যার নিয়ত ঠিক নাই। চোরের মন পুলিশ পুলিশ। সে আগে থেকেই খারাপ কিছু ভাবনা মাথায় নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পুলিশ বাহিনী, প্রশাসনকেও বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর আগে ছয়টি গণসমাবেশ করেছি। বিএনপি কী ধরনের সমাবেশ করবে শান্তিপূর্ণ না অশান্তিপূর্ণ সেটা ইতোমধ্যে প্রমাণ হয়েছে। প্রতিটি সমাবেশে বাধা-বিপত্তি, চেক পোস্টে পুলিশের হয়রানি, গ্রেপ্তার লাঠিপেটা করা হয়েছে। সর্বশেষ বরিশালে হোটেলও বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আগামী যে সব সমাবেশ হবে তারই সর্বশেষটা হচ্ছে ঢাকায় ১০ ডিসেম্বরের মহাসমাবেশ। এই সমাবেশ অন্যান্য সমাবেশের মতো একটি বিস্ময়কর সমাবেশ হিসেবে আমরা চিহ্নিত করব এ প্রচেষ্টা করছি।

তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশে নির্বাচন বলতে যেটা বোঝায় সেটা নেই। ২০০৮ সালের নির্বাচন ছিল সাজানো গোছানো নির্বাচন। ১৪ সালের নির্বাচন কোনো নির্বাচন নয়। অপ্রতিদ্বন্দ্বীতার নামে ১৫৩টি আসনে জোড় করে তারা ক্ষমতা দখল করে নেয়। ২০১৮ সালে মধ্যরাতে তারা ক্ষমতা দখল করে।

শামসুজ্জামান দুদু বলেন, জাপানি রাষ্ট্রদূতসহ সারাবিশ্ব এখন বর্তমান সরকার প্রধান আওয়ামী লীগের দুর্নীতি, স্বজনপ্রীতি, দেশবিরোধী কর্মকাণ্ড, ভোটের বিরুদ্ধে অবস্থান সবই স্পষ্টভাবে বুঝতে পারছে। দেশ এবং বিদেশের একটাই দাবি, বর্তমান সরকারের পদত্যাগ, পাল্টামেন্ট ভেঙে দেয়া এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের অধিনে অবাধ সুষ্ঠ ও স্বচ্ছ একটি নির্বাচন অনুষ্ঠান। সেটি যদি করা সম্ভব হয় তাহলে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হবে। দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এর আগে শামসুজ্জামান দুদু বিএনপির পক্ষ থেকে মওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আব্দুল হাই সিকদার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু,কৃষকদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম,এসকে সাদী প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।