সরকার বিএনপির চলমান কর্মসূচিতে ভীত হয়ে বিভিন্ন মিথ্যা মামলা সাজিয়ে অন্যায়ভাবে বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
রোববার দুপুরে রাজধানীর শাহবাগে গ্রেফতার ২০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাইসুল ইসলাম চন্দনের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
আব্দুস সালাম বলেন, গত দুটি ভোটবিহীন জাতীয় নির্বাচন করার মাধ্যমে এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা আবারো একটি ভোটারবিহীন নির্বাচনের স্বপ্ন দেখছে। কিন্তু তাদের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। জনগণ আওয়ামী সরকারের সকল অপকৌশলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই জনগণ এবার আর তাদের ভোটবিহীন নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন হতে দিবে না।
তিনি গ্রেফতার ও নির্যাতনের শিকার প্রতিটি নেতাকর্মীর পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে রাইসুল ইসলাম চন্দন ও যাত্রাবাড়ী থানাধীন ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান ভাণ্ডারী, মো: মামুন সর্দার, মো: সুমনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা এম এ হান্নান, ২০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক জাহিদ হোসেন নোয়াব, যুগ্ম-আহ্বায়ক মনির হোসেন টিটু, আবু সুফিয়ান, চন্দনের পরিবারসহ ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













