ঢাকার সিএমএম কোর্ট থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় হওয়া মামলার আসামিরা নজরদারিতে রয়েছে এবং যেকোনো সময় তাদেরকে গ্রেফতার করা হবে। এমন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এ সময় হারুন বলেন, আসামিদের ছিনিয়ে নেয়ার পর আমরা অলিগলিতে চেকপোস্ট বসিয়েছি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছি। ডিএমপির প্রতিটি এলাকার সিসিটিভি ক্যামেরা আমরা পর্যবেক্ষণ করছি। এই ঘটনায় মামলা হয়েছে। ২০ জন আসামির মধ্যে অজ্ঞাতনামা আসামিও রয়েছে। আসামিদের শিগগিরই গ্রেফতার করা হবে।
তিনি জানান, ঢাকাসহ সারাদেশে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) সতর্কতা জারি করেছেন। সবাই অ্যালার্ট রয়েছি। পলাতক আসামিরা আমাদের নজরদারিতে রয়েছে। তাদের আমরা যেকোনো সময় গ্রেফতার করতে সক্ষম হবো।
এছাড়া ঘটনা প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, জঙ্গি আনা-নেয়ার ক্ষেত্রে সবসময়ই প্রটেকশনের ব্যবস্থা করা হয়। কালকের ঘটনা একদমই অনাকাঙ্খিত। এখন টহল জোরদার করা হয়েছে। জঙ্গি আনা-নেয়ার ক্ষেত্রেও পুলিশ প্রটেকশন পর্যাপ্ত রয়েছে।













