• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের আহ্বান বাম জোটের

প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ১২:২১
আপডেট: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ১২:২১

দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের আহ্বান বাম জোটের

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যার যার নিজস্ব দাবিতে ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। দলের নেতারা বলেছেন, দেশি-বিদেশি লুটেরা ও আধিপত্যবাদীরা সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে দ্বিদলীয় ধারার মধ্যে বন্দি করতে চাইছে। এর থেকে মুক্তি পেতে দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদল করতে হবে।

শুক্রবার বাম গণতান্ত্রিক জোটের ডাকে ঢাকার টিকাটুলীর রাজধানী সুপার মার্কেট থেকে জুরাইন রেলগেট পর্যন্ত পদযাত্রা ও সমাবেশে নেতারা এসব কথা বলেন। দুর্নীতি-দুঃশাসন রুখে দাঁড়ানো, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা, নিত্যপণ্যের দাম কমানো এবং নির্বাচনব্যবস্থার সংস্কার ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এ পদযাত্রা হয়।

জোটের ঢাকা মহানগরের সমন্বয়ক ডা. সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় নেতা মানস নন্দী, ডা. হারুনুর রশিদ, শহীদুল ইসলাম সবুজ, জলি তালুকদার, খালেকুজ্জামান লিপন, ডা. জয়দীপ ভট্টাচার্য, বিধান দাশ, তৈমুর খান অপু, রুবেল শিকদার প্রমুখ। সমাবেশ থেকে আগামী ২ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও পদযাত্রা সফল করার আহ্বান জানানো হয়।

রুহিন হোসেন প্রিন্স বলেন, রাষ্ট্রক্ষমতায় থেকে খেলার নামে যারা বর্তমানে ও অতীতে জনগণের সঙ্গে ফাউল করেছে, তাদের লাল কার্ড দেখাতে হবে। এ জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। রাজনীতিকে যারা খেলায় পরিণত করেছে তাদের বিপরীতে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তির বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলতে হবে। এটা ছাড়া দেশের রাজনৈতিক সংকট থেকে মুক্তি নেই।

তিনি আরও বলেন, লুটেরা ব্যবসায়ী, টাকা পাচারকারী, ঋণখেলাপি আর হুন্ডি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকার ব্যস্ত। এ কারণে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। এর মধ্যে আরেকবার বিনা ভোটে ক্ষমতায় যেতে নানা ফন্দির চেষ্টা করছে বর্তমান সরকার। এখনই নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু করতে হবে। কথার মারপ্যাঁচে জনগণকে আর ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না।