• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানে আত্মহত্যা করা: দুদু

প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ৪:৫৩
আপডেট: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ৪:৫৩

সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানে আত্মহত্যা করা: দুদু

এই সরকা‌রের অধীনে নির্বাচনে গেলে সেটা আত্মহত্যার শামিল হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাউথ এশিয়ান ইউথ রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দুদু বলেন, ‘এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশন থাকা অবস্থায় কেউ যদি নির্বাচনে যেতে চায় তাহলে সেটা হবে আত্মহত্যার শামিল। অর্থাৎ সে আত্মহত্যা করতে যাবে।’

তিনি বলেন, ‘এই সরকার ও নির্বাচন কমিশনকে পরিবর্তন করতে হলে গনতন্ত্রের পক্ষে থাকতে হবে। তা না হলে এই স্বৈরশাসকের পতন হবে না। আর এদের পতন করতে হলে দরকার গণঅভ্যুত্থান, আন্দোলন। আর সেটা এ দেশে হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে হয়েছে।’

তি‌নি আরও ব‌লেন, ‘গণঅভ্যুত্থান হবে এটা এ সরকার বুঝতে পেরেছে এর প্রমাণ হল, যে সমাবেশগুলো হয়েছে সেই সময় সমা‌বেশগুলোতে মানুষ কিভাবে আসবে সেটা চিন্তা করছে না। পায়ে হেঁটে সমাবেশে আসছে। সমাবেশ হওয়ার কথা তিন ঘন্টা কিন্তু সরকারের কার্যকলাপে সেটা তিনদিন থেকে চার দিন হচ্ছে। তারা (আওয়ামী লীগ) নেতা কর্মীরা রামদা কোরাল লাঠি সোটা নিয়ে মিছিল করেছে। তাদের ভাবখানা দেখে মনে হয়েছে আমরা সরকারে আছি তারা বিরোধী দলের। আওয়ামী লীগ সব সময় স্বভাবগত বিরোধী দলে আছে। তারা ক্ষমতায় থাকলেও মনে হয় তারা বিরোধী দলে আছে। সব সময় গুন্ডামি করে চলে।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘মানুষ তার অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছে। এই জালিম সরকার যতদিন থাকবে মুক্তিযোদ্ধকে ভুলন্ঠিত করবে। ততদিন বাংলাদেশের সম্মান থাকবে না। বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। এই হানাদার তুল্য শক্তিকে পুনরায় আমাদেরকে পরাজিত করতে হবে। এছাড়া অন্য কোনো পথ আছে বলে আমি মনে করি না।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও সংগঠনের নেতা কর্মীরা।