‘১০ ডিসেম্বর ঢাকার সমাবেশকে দেশের জনগণের মুক্তির সমাবেশ, খালেদা জিয়ার মুক্তির সমাবেশ ও গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, ভোটবিহীন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারকে গদি থেকে নামাতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। আগামী ১০ই ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে স্বতঃস্ফুর্তভাবে সকল নেতা কর্মীদের অংশগ্রহণ করার মধ্য দিয়ে সমাবেশ সফল হবে।
শামা ওবায়েদ বলেন, একদিকে মানুষ না খেয়ে আছে আর অন্যদিকে এই সরকার বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে ইভিএম নামের ভোট চুরির মেশিন কিনে আনছে। দুর্ভিক্ষ আসতেছে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই কিন্তু এর মধ্যেও তাদের চুরি থেমে নাই। মালয়েশিয়া, সিঙ্গাপুর কানাডা, আমেরিকায় বাড়ি করে এই বাংলাদেশকে ফকিরের দেশ বানাইয়া সরকার বিদায় হবে।
মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২, রাতে রাজৈরের টেকেরহাট এলাকায় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম. মহিউদ্দিন হাওলাদারের পঞ্চম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনি হাওলাদার স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা শামচুল হক হাওলাদারের সভাপতিত্বে ও জীবন বোসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান প্রমুখ।

