জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের দীর্ঘ দিন অপেক্ষার পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলো কেন্দ্রীয় ছাত্রলীগ। পাঁচ বছর পর ৩৮৮ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটির সভাপতি আকতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক হাবীবুর রহমান লিটনের কমিটির পরিপূর্ণতা পেল।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সোয়া ৯ টায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়৷
ওই কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন ১০০ জন; সাংগঠনিক সম্পাদক হয়েছেন ১১জন; যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন; সহ-সম্পাদক পদ পেয়েছেন মোট ৬৬ জন এবং সদস্য পদ পেয়েছেন ৫৫ জন। এছাড়া বিভিন্ন পদে সম্পাদক ও উপ-সম্পাদক পদে মোট ১৪৩ জন মনোনীত হয়েছেন।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান লিটন গণমাধ্যমে বলেন, রাত ৯টার পর বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেইজ থেকে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। এর মাধ্যমে জাবি শাখার ছাত্রলীগের কমিটি পূর্ণতা পেল। আমাদের দু’জনের কাঁধ থেকে বড় একটা বোঝা নেমে গেল। কমিটিতে ত্যাগী নেতারা পদ পেয়েছে। আশা করি শাখা ছাত্রলীগ পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।

