বিশেষ অভিযান পরিচালনা করে সারাদেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুই হাজার ৩২১টি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এতে ৩৫৮টি মামলা হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য পাওয়া যায়।
পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান গণমাধ্যমকে বলেন, গত ১ ডিসেম্বর থেকে এ বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। দুই জঙ্গি আসামি ছিনিয়ে নেয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি ১ থেকে ১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয় পুলিশ সদরদপ্তর।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ৩২১টি অভিযানে এক হাজার ৩৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

