• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির সিনিয়র নেতা আব্দুল্লাহ আল নোমান আহত, নেওয়া হলো হাসপাতালে

প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ৮:১২
আপডেট: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ৮:১২

বিএনপির সিনিয়র নেতা আব্দুল্লাহ আল নোমান আহত, নেওয়া হলো হাসপাতালে

রাজধানীর নয়াপল্টনে পুলিশ ও বিএনপির সংঘর্ষে দলটির সিনিয়র নেতা আব্দুল্লাহ আল নোমান আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ বুধবার (০৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ ঘটনায় এখন পর্যন্ত আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ বিকেলে নয়াপল্টনে দলটির কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

এর আগে আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে পুলিশ নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের পেটানো শুরু করে। এরপরই ভেতর থেকে কলাপসিবল গেট বন্ধ করে নেতাকর্মীদের পেটানো শুরু করে পুলিশ।

এ ঘটনার পর পর বিএনপি কার্যালয়ে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কার্যালয়ে ঢুকতে গেলে তাকে বাধা দেয় পুলিশ।

এ সময় মির্জা ফখরুল বলেন, আমাদের নেতাকর্মীদের আটকে রেখে হামলা সম্পূর্ণ অন্যায় এবং বেআইনি। আমরা ধৈর্য ধরছি। আশা করছি, এখনই পুলিশকে প্রত্যাহার করবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘ডিসেম্বরে সমাবেশকে কেন্দ্র করে এ ধরনের হামলা চলছে। তারা জনগণের অধিকার কেড়ে নিতে চায়। আমাকে অফিসে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি।’