• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে ফখরুল-আব্বাসের রিট

প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ২:৫৫
আপডেট: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ২:৫৫

কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে ফখরুল-আব্বাসের রিট

কারাগারে ডিভিশন চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাইকোর্টে রিট দায়ের করেছেন।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মির্জা ফখরুলের পক্ষে তার স্ত্রী রাহাত আরা বেগম ও মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস রিটটি দায়ের করেন। ব্যারিস্টার কায়সার কামাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেন আদালত।

রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা।

এরও আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উত্তরার বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শাহজাহানপুরের বাসা থেকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।

পরের দিন শুক্রবার দুপুরে তাদের গ্রেফতার দেখায় ডিবি। এর আগে জানানো হয় যে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

এরপর শুক্রবার তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।