• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

টিসিবির জন্য কেনা হচ্ছে পৌনে তিন কোটি লিটার সয়াবিন তেল

প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ৪:৫০
আপডেট: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ৪:৫০

টিসিবির জন্য কেনা হচ্ছে পৌনে তিন কোটি লিটার সয়াবিন তেল

সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দুই কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে। এতে খরচ হবে ৫০৯ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য সিটি এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটারের দাম পড়বে ১৮৪ টাকা ৮৪ পয়সা। এতে মোট ব্যয় হবে ২০৩ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা।

অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, সুং শিং এডিবল অয়েলের কাছ থেকে কেনা হবে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল। এক্ষেত্রে প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৮৪ টাকা ৫০ পয়সা। এতে মোট ব্যয় হবে ১০১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৮৫ টাকা ৯৫ পয়সা। এতে মোট ব্যয় হবে ২০৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা।