• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

বিশ্বজয়ের ট্রফি হাতে আর্জেন্টিনায় মেসিরা

প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ৪:০৪
আপডেট: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ৪:০৪

বিশ্বজয়ের ট্রফি হাতে আর্জেন্টিনায় মেসিরা

৩৬ বছর পর আবার বিশ্বজয় করেছে আর্জেন্টিনা। টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এমন সাফল্যের পর কাতারের দোহা থেকে ইতালির রোম হয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরে বুয়েনস এইরেসে পৌঁছেছে লিওনেল মেসির দল। মেসিদের বরণ করতে আগে থেকেই প্রস্তুত আর্জেন্টাইন ভক্তরা। রাজধানী বুয়েনস আইরেসে চলছে উৎসব আমেজ।

বিশাল একটি স্ট্রিট পার্টির জন্য প্রস্তুত গোটা আর্জেন্টিনা। আলবিসেলেস্তে তারকারা ভক্তদের সঙ্গে এবার আনন্দে মেতে উঠবেন। মঙ্গলবার ভোরের দিকে বুয়েনস আইরেসের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বিশ্ব চ্যাম্পিয়নদের এক দফা অভ্যর্থনা দেওয়া হয়। বিজয়ী বীরদের সংবর্ধনা দিতে আর্জেন্টিনা সরকার একদিনের জাতীয় ছুটি ঘোষণা করেছে।

লিওনেল মেসিরা রোববার ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর থেকেই আর্জেন্টিনার রাস্তায় নেমে আসে লাখো মানুষ। জয়ের কয়েক মুহূর্তের মধ্যেই হাতে পতাকা, মাথায় হ্যাট, গায়ে প্রিয় দলের সেই হালকা নীল ও সাদা জার্সি পরে রাজধানী শহরের বিভিন্ন চত্বরে জড়ো হন ভক্তরা। উদযাপনে মেতে ওঠেন।

বুয়েনস আইরেস এখন উৎসবের নগরী। যেখানে এক মিলিয়নেরও বেশি মানুষ উদযাপন করেছে।