• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

রাজা চার্লসের ছবিসহ এই নোট ২০২৪ সালে প্রচলন শুরু হওয়ার কথা রয়েছে

প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ১০:৪৩
আপডেট: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ১০:৪৩

রাজা চার্লসের ছবিসহ এই নোট ২০২৪ সালে প্রচলন শুরু হওয়ার কথা রয়েছে

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বৃটেনের নতুন রাজা হয়েছেন তার ছেলে তৃতীয় চার্লস। এখন দেশটির নিয়ম অনুযায়ী মুদ্রায় নতুন রাজার ছবি সংযুক্ত করা হচ্ছে। এরইমধ্যে ৫, ১০, ২০ এবং ৫০ পাউন্ডের নোটের নতুন নকশা তৈরি হয়ে গেছে। রাজা চার্লসের ছবিসহ এই নোট ২০২৪ সালে প্রচলন শুরু হওয়ার কথা রয়েছে। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে জানানো হয়, তৃতীয় চার্লসের প্রতিকৃতি দিয়ে বর্তমানে প্রচলিত চারটি পলিমার ব্যাঙ্ক নোট ছাপানো হবে। ব্যাঙ্ক নোটের সামনের দিকে রাজার ছবি থাকবে। পলিমার প্লাস্টিকের তৈরি নোটের সিকিউরিটি উইন্ডোতেও একটি স্বচ্ছ ছবি থাকবে। তবে নোটের উল্টো দিকগুলি অপরিবর্তিতই থাকবে। সেখানে ১০ পাউন্ডের নোটে থাকবে লেখক জেন অস্টেন, ২০ পাউন্ডের নোটে শিল্পী জেএমডব্লিউ টার্নার এবং ৫০ ডলারের নোটে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-এর ছবি থাকবে।

তবে নতুন নোট চালু হলেও আগের নোটগুলি বাতিল হয়ে যাবে সেরকম নয়। রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি থাকা নোটগুলি প্রচলনও অব্যাহত থাকবে।

জনসাধারণ সেগুলি স্বাভাবিকভাবেই ব্যবহার করতে পারবেন। বৃটেনের কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, রাজপরিবারের নির্দেশ ছিল- যেন এই পরিবর্তনের ফলে কোনও পরিবেশগত এবং আর্থিক প্রভাব না পড়ে। সেটি মাথায় রেখেই শুধুমাত্র নতুন নোট ছাপানোর জন্য এবং মুদ্রার চাহিদা মেটাতেই নতুন নকশার নোট আনা হবে। রাণী দ্বিতীয় এলিজাবেথ এবং রাজা চার্লসের ছবিসহ উভয় নোটই একযোগে প্রচলিত থাকবে।
বৃটিশ ইতিহাসে এই নিয়ে কিং চার্লসই দ্বিতীয় রাজা হবেন, যার কাগজী মুদ্রায় প্রতিকৃতি ছাপা হচ্ছে। ১৬০০ দশকের শেষের দিকে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড কাগজের টাকা তৈরি শুরু করে। সেই সময় থেকে তৃতীয় চার্লস-সহ মাত্র ২ জন রাজাই তাতে স্থান পেয়েছেন। তবে কয়েনে বরাবরই রাজাদের আধিপত্য ছিল। শুধু ইংল্যান্ডেই নয়, কানাডায় কিছু ২০ ডলারের ব্যাঙ্ক নোটে, নিউজিল্যান্ডের কয়েনে এবং কমনওয়েলথের বেশ কিছু দেশে আজও রানীর প্রতিকৃতিসহ মুদ্রা ও নোটের প্রচলন রয়েছে।