আগামী ৩০ ডিসেম্বর গণমিছিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।
সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বরের গণমিছিল সফল করতে জনগণের সাথে দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা তৈরি করার আহ্বান জানিয়ে বলেন, আগামী ৩০ ডিসেম্বর জনগণের গণমিছিলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে শামিল হতে হবে। এ জন্য গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত প্রতিটি নেতাকর্মীকে ইস্পাত-দৃঢ় ঐক্য নিয়ে রাজপথে থাকতে হবে।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

